জগন্নাথ ক্যাম্পাসে আজান ও নামাজের সময় গান বাজানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের সংস্কৃতি সম্পাদক ফাতেমা তুজ জোহরাকে জনসম্মখে হেনস্তা করার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেলের বিরুদ্ধে এই অভিযোগ আনেন ওই ছাত্রী।
ভুক্তভোগী ফাতেমা তুজ জোহরা অভিযোগ করেন, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ২০-২৫ জন কর্মী নিয়ে তাকে ঘিরে ধরে চিল্লাচিল্লি ও জেরা করেন জবি ছাত্রদল সভাপতি। এই ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন।
ঘটনার বিবরণ দিয়ে ফাতেমা তুজ জোহরা জানান, ক্যাম্পাসে আজান ও নামাজের সময় গান বাজছিল, যা নিয়ে তিনি এবং আরও অনেকে ফেসবুকে পোস্ট দেন। পরবর্তীতে তিনি সন্ধ্যায় ক্যাম্পাসে গেলে জবি ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেল তাকে ডাকেন।

ফাতেমা বলেন, ‘‘আমি গেলে ২০-২৫ জন ছাত্রদলের ছেলে আমাকে মাঝখানে রেখে চারপাশে গোল হয়ে দাঁড়ায়। তখন সভাপতি চিল্লাচিল্লি করে আমাকে বলে, ‘তুমি পোস্ট কেন দিছো নামাজের সময় গান বাজানো নিয়ে? মববাজি করো? প্রপাগান্ডা ছড়াও? তোমার কাছে কোনো প্রমাণ আছে?’ এতগুলো ছেলের মাঝে আমি একা, তার চিল্লাচিল্লিতে আমি থতমত খেয়ে যাই।’’
তিনি আরও জানান, ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রইস উদ্দিন এবং আতিকুর রহমান উপস্থিত ছিলেন। ছাত্রদল সভাপতি শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, ‘‘দেখেন স্যার ওই কী পোস্ট দিছে, আমরা নাকি গান বাজাইছি। ওরা তো এইগুলা করতে পারে না, এইগুলা তো সহ্য করবো না।’’
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষক রইস উদ্দিন ফাতেমাকে থামিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা করেন। তবে ফাতেমার অভিযোগ, সেখানে উপস্থিত জকসুর (ছাত্রদল সমর্থিত প্যানেল) পরিবহন সম্পাদক মাহিদ কোনো প্রতিবাদ করেননি।
নবনির্বাচিত এই হল প্রতিনিধি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘আমি হিমেল ভাইয়ের ক্যাম্পাসের জুনিয়র এবং নির্বাচিত প্রতিনিধি। তারপরেও তিনি ২০-২৫ জন ছেলের মাঝখানে আমাকে দাঁড় করিয়ে ইচ্ছামতো ঝাড়লেন। আমার ক্যাম্পাসে দাঁড়িয়ে আমাকে হেনস্তা করা হলো শুধু একটা পোস্টকে কেন্দ্র করে।’’
ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে ফাতেমা বলেন, ‘‘আমার কোনো কিছু হলে এর দায় জবি ছাত্রদল সভাপতি হিমেল ভাইয়ের ওপর বর্তাবে। জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে তারা আমাদের প্রতিবাদের ভাষা বন্ধ করতে চায়। হায় আফসোস, নব্য ফ্যাসিবাদী কায়দার প্রথম ভাগে স্বাগতম জন্মভূমি।’’

নিজস্ব প্রতিবেদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 









