গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকায় শামসুন্নাহার রুমা নামের এক স্কুলশিক্ষিকাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত শামসুন্নাহার রুমা চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামের সোলাইমান আলী মাস্টারের মেয়ে। ব্যক্তিগত জীবনে বিবাহবিচ্ছেদের পর এক ছেলেসন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। পড়াশোনার কারণে তার ছেলে ঢাকায় অবস্থান করায় তিনি বাড়িতে একাই থাকতেন।
পুলিশ জানায়, বাসা থেকে তার হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল ঘিরে তদন্ত কার্যক্রম শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা পরিচিত কেউ হতে পারে। কারণ বাসার দরজা খোলা থাকায় সহজেই ঘরে প্রবেশ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অতীতে ওই বাসায় চুরির ঘটনাও ঘটেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
গোবিন্দগঞ্জের নাগরিক কমিটির আহ্বায়ক মতিন মোল্লা বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় নারী নির্যাতন ও হত্যার একাধিক ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি মুহম্মদ মোজাম্মেল হক জানান, হত্যার কারণ উদঘাটনে পুলিশের ক্রাইমসিন ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি জানান।

স্টাপ রিপোর্টার 









