যশোর শহরের ব্যস্ততম এম.কে রোডে অবস্থিত পরিচিত ভোজনালয় ‘নাজমা হোটেল’-এ অভিযান চালিয়ে নানা ধরনের গুরুতর অনিয়মের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পঁচা ও বাসি খাবার পরিবেশন এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে হোটেলটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) পরিচালিত এই অভিযানে দেখা যায়, পুরোনো ও পঁচাবাসি ভাত নতুন রান্না করা ভাতের সঙ্গে মিশিয়ে গ্রাহকদের পরিবেশনের জন্য রাখা হয়েছিল। এছাড়া নোংরা ও মলমূত্র মাখা ডিম কোনো প্রকার পরিষ্কার না করেই খালি হাতে ভেঙে খাদ্য তৈরির উপকরণের সঙ্গে মেশানো হচ্ছিল।
অভিযানে নেতৃত্ব দেন যশোর কার্যালয়ের জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। তিনি জানান, জনস্বাস্থ্যের প্রতি চরম অবহেলা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল। পঁচা ভাত নতুন ভাতের সঙ্গে মিশানো এবং অপরিষ্কার ডিম ব্যবহারের বিষয়টি প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।
জরিমানার পাশাপাশি হোটেল কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানকালে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি এবং যশোর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
— মোঃ উবাঈদুল হুসাইন আল্ সামি, যশোর

উবাঈদুল হুসাইন আল্ সামি 












