কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের নিলামে দানের একটি গরু কিনেও প্রায় এক বছর ধরে মূল্য পরিশোধ না করার অভিযোগ উঠেছে মো. জীবন মিয়া (২৮) নামে এক কথিত বিএনপি নেতার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়ও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
মসজিদ প্রশাসন সূত্রে জানা যায়, গত বছরের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্স খোলার পর নিলামে বিভিন্ন সামগ্রী বিক্রি করা হয়। ওই নিলামে জীবন মিয়া ৫৫ হাজার টাকায় একটি গরু ক্রয় করেন।
নিয়ম অনুযায়ী নিলাম সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই ক্রয়কৃত সামগ্রীর মূল্য পরিশোধ করার কথা থাকলেও তিনি তা পরিশোধ করেননি। দীর্ঘ প্রায় এক বছর পার হলেও এখনো ওই গরুর মূল্য মসজিদ কর্তৃপক্ষকে দেননি বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। মসজিদ সংশ্লিষ্টরা দ্রুত বকেয়া অর্থ পরিশোধের দাবি জানিয়েছেন।

রিয়াজুল ইসলাম 









