যশোরের চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার ইউনিয়ন ভূমি অফিসগুলোতে জমি সংক্রান্ত কাজে অতিরিক্ত অর্থ আদায় ও গ্রাহক হয়রানির অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ। আজ (বৃহস্পতিবার) যশোর জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে তিনি এই সাধারণ অভিযোগটি দায়ের করেন।
অভিযোগ প্রদান শেষে রিপন মাহমুদ সাংবাদিকদের জানান, চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার অধিকাংশ ইউনিয়ন ভূমি অফিসে জমি যাচাই, জমা ও নামজারি (মিউটেশন) করতে আসা সাধারণ নাগরিকদের কাছ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা নিয়মের বাইরে অতিরিক্ত অর্থ বা ঘুষ দাবি করছেন। টাকা না দিলে কাজের কোনো অগ্রগতি হয় না, ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে ‘স্পিড মানি’ হিসেবে ঘুষ দিচ্ছেন।
তিনি আরও বলেন, “জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত হয়েও সরকারি কর্মকর্তাদের এমন আচরণে সাধারণ মানুষ আজ অতিষ্ঠ। দুর্নীতির এই ভয়াবহ চিত্র রোধে স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকা অত্যন্ত হতাশাজনক।”
অভিযোগ পত্রে রিপন মাহমুদ উল্লেখ করেন, “আমরা দুর্নীতিমুক্ত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ গড়তে চাই। চৌগাছা ও ঝিকরগাছার নাগরিকদের প্রতি আহ্বান—যেকোনো সরকারি দপ্তরে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ থাকলে আপনারা দুদকে জানান। আমরা ঐক্যবদ্ধভাবে একটি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে কাজ করে যাবো।” এ সময় তিনি দুর্নীতি দমনে কমিশনকে আরও বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।

রিয়াজুল ইসলাম 








