টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে আজ ক্রিকেটের সবচেয়ে বড় লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এই হাই-ভোল্টেজ ম্যাচ। জিম্বাবুয়ের কাছে অস্ট্রেলিয়ার হার এবারের আসরে যে রোমাঞ্চ ছড়িয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ তাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
দুপক্ষেরই এটি সুপার এইটে ওঠার লড়াই। প্রথম দুই ম্যাচ জিতে দুই দলই সুবিধাজনক অবস্থানে আছে। আজ যারা জিতবে, তাদের সুপার এইটের টিকিট নিশ্চিত হয়ে যাবে। টি-টোয়েন্টিতে মুখোমুখি ১৬ লড়াইয়ের মধ্যে ১৩টিতেই জিতেছে ভারত, আর পাকিস্তানের জয় মাত্র ৩টি। বিশ্বকাপের মঞ্চে ৮ বারের দেখায় ৭ বারই শেষ হাসি হেসেছে টিম ইন্ডিয়া।
বর্তমান চ্যাম্পিয়ন ভারত দারুণ ছন্দে আছে। তবে অসুস্থতার কারণে আজকের ম্যাচে ওপেনার অভিষেক শর্মার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, অভিষেক এখনো পুরোপুরি ফিট নন। অন্যদিকে, পাকিস্তান দলে ইনজুরি সমস্যা নেই এবং তারা পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামছে।
আজকের ম্যাচে কুলদীপ যাদব বনাম বাবর আজম এবং হার্দিক পান্ডিয়া বনাম উসমান তারিকের লড়াই জমজমাট হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া জাসপ্রিত বুমরাহ ও শাহিন শাহ আফ্রিদির বোলিং তোপ সামলানো ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হবে।
রাজনৈতিক টানাপোড়েন আর মাঠের লড়াই মিলিয়ে ক্রিকেট বিশ্বের নজর আজ কলম্বোর দিকে। কে পাবে প্রথম সুপার এইটের টিকিট—সেটাই এখন দেখার বিষয়।

ক্রীড়া প্রতিবেদক | কলম্বো 














