নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর-২ আসনের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নে ভয়াবহ হামলার শিকার হয়েছেন ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মাওলানা মাসুদুর রহমান। অভিযোগ উঠেছে, রুনকু, পিয়াস ও নাসির মেম্বারসহ বিএনপির লোকজন তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চালায়।
এই হামলায় মাওলানা মাসুদুর রহমান গুরুতর আহত হওয়া ছাড়াও আরও তিন জন জামায়াত কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন— আমির হামজা, আব্দুল্লাহ আল মামুন এবং জাকির হোসেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক শত্রুতার জেরে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাওলানা মাসুদুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে প্রাণঘাতী আঘাত করে এবং হত্যার চেষ্টা চালায়। এসময় তাকে বাঁচাতে এগিয়ে এলে আমির হামজা, মামুন ও জাকিরকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়।
এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত, যশোর-২ আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আহতদের খোঁজখবর নেন এবং এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান।

ডা. মোসলেহ উদ্দিন ফরিদ উপস্থিত গণমাধ্যম ও জনসাধারণের সামনে জানান, দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো সহযোগিতা চেয়েছেন এবং এলাকায় শান্তি বজায় রাখতে সকলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।
বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি থমথমে রয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক 









